স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশে^ করোনা নিয়ন্ত্রণে অবস্থানগত দিক থেকে বাংলাদেশের অবস্থান ২০তম এবং দক্ষিণ এশিয়ায় এক নম্বরে আছে। এ ছাড়া করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সুনাম বেড়েছে। বিশে^র বড় বড় দেশ যেখানে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি, সেখানে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমেরিকার মতো দেশে এক দিনে করোনায় সাড়ে ৪ হাজার মানুষ মারা গেছে। দুদিনে ৮ হাজার মানুষ মারা গেছে। সেখানে বাংলাদেশে ১০ মাসেও ৮ হাজার মানুষ মারা যায়নি। আমাদের দেশে করোনায় মৃত্যুহার অন্যান্য দেশের চেয়ে অনেক কম। যথাযথ চিকিৎসার ব্যবস্থা ও মানুষকে সচেতন করা ছাড়া করোনা নিয়ন্ত্রণ করা কঠিন কাজ। শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদের শুভ উদ্বোধন ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশে^র অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। কিন্তু আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তবে এখনও দেশ থেকে করোনা চলে যায়নি, সবাইকে মাস্ক পরতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জানুয়ারি মাসের শেষদিকে আমরা করোনার ভ্যাকসিন পাব। এই ভ্যাকসিন করোনা নিয়ন্ত্রণে কাজ করা সম্মুখযোদ্ধাদের আগে দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এ সময় তিনি গণমাধ্যমকে উদ্দেশ করে বলেন, সংবাদ পরিবেশন আপনাদের কাজ, সংবাদ পরিবেশন করলে মানুষ ও সরকার সচেতন হয়। তখন সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আবার কিছু কিছু লোক আছে যারা সংবাদ তৈরি করে। স্বাস্থ্যমন্ত্রী সংবাদ তৈরি না করে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান সাংবাদিকদের।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ অনেকে উপস্থিত ছিলেন।